চাঁদপুরে বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করাই সরকারের উদ্দেশ্য
………জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

এস এম সোহেল
চাঁদপুরে চলতি বোরো মৌসুমে মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ ও কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (৯ মে) বিকেলে চাঁদপুর জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাঁর বক্তব্যে বলেন, সরকারের উদ্দেশ্যে হচ্ছে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা। এর মধ্যে আর কেউ থাকবে না। কৃষকদের কাছ থেকে ১৪% আদ্রতা ও চিটামুক্ত ধান সংগ্রহ করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এ কাজটি সফল করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিক হয়ে কাজ করবেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা ধান ও চালের গুণগত মান যাচাই করে দেখেন।
এ সময় চাঁদপুর জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু, জেলা খাদ্য গুদামের ম্যানেজার সফি আফজালুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের অতিরিক্ত উপ-পরিচালক আনিছুর রহমান, চাঁদপুর জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খোরশেদ আলম, জেলা খাদ্য গুদামের গোডাউন ইনচার্জ তামিম হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আভ্যন্তরীণ সংগ্রহ ২০২১ এর আওতায় চাঁদপুর জেলায় ৮,০৮৬.০০০ মেট্টিক টন বোরো ধান এবং ৭,১০১ মেট্টিক টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর প্রতি কেজি ধান সংগ্রহ মূল্য ২৭ টাকা এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৪০ টাকা।
এসব চাল ও ধান চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় ডিজিটাল খাদ্য শস্য সংগ্রহ ব্যবস্থাপনা ‘কৃষকের এ্যাপস’ এবং অন্যান্য উপজেলায় তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হবে। চাল লাইসেন্সধারী বৈধ মিলারদের সাথে চুক্তি সম্পাদন করে ক্রয় করা হবে। মিলারদের সাথে ৯ মে তারিখের মধ্যে চুক্তি সম্পন্ন করে ১৬ আগস্টের মধ্যে ক্রয় কার্যক্রম শেষ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য গুদামের কর্মকর্তারা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জানান।

১০ মে, ২০২১।