দেশের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী আর নেই

ইলশেপাড় ডেস্ক
দেশের সবচেয়ে লম্বা মানুষ কক্সবাজারের জিন্নাত আলী আর বেঁচে নেই (ইন্না-লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।
জিন্নাত আলী কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে। তার উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। ১৯৯৬ সালে জন্মগ্রহণ করা জিন্নাত বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ লম্বা মানুষও জিন্নাত আলী।
১০ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়। জন্ম থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিল জিন্নাত।
সোমবার দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান বলে জানান নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. নোমান খালেদ চৌধুরী।
এর আগে রোববার জিন্নাত আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে সোমবার নিউরো সার্জারি বিভাগে নিয়ে যাওয়া হয়। তখন তিনি অজ্ঞান ছিলেন। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেয়ার ব্যবস্থা করা হয়।

২৮ এপ্রিল, ২০২০ খ্রি.।