স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলার প্রধান আসামি হামিদুর রহমান ওরফে সোহাগ খানকে (৩৮) আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. মোরশেদুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদ তাকে অভিযান চালিয়ে শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটক আসামি হামিদুর রহমান সোহাগ সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী এলাকার মো. সিরাজুল ইসলাম খানের ছেলে।
প্রধান আসামিসহ এ পর্যন্ত এ মামলার ৪ জন আসামিকে আটক করা হয়েছে। এর আগে গত ২০ মে ভোরে চাঁদপুর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপর তিন আসামি মো. মুনসুর খান, মোস্তফা খান কালু ও মো. সুমন খানকে কুমারডুগী এলাকা থেকে আটক করেন। মঙ্গলবার আদালত ওই ৩ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১৮ মে দিবাগত রাতে কুমারডুগী এলাকায় বাড়িতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টোকে পথিমধ্যে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ১৯ মে ভুট্টোর স্ত্রী চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
৩ জুন, ২০২০।
