ফরিদগঞ্জে কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে ভন্ড কবিরাজসহ আটক ১৭

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আলী আকবর নামে এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন মামলার এজাহার নামীয় ও বিভিন্ন অপরাধে আরো ১৬ জনকে আটক করে গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। গত সোমবার বিকালের পর থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে পুলিশ।
জানা গেছে, উপজেলার সন্তোষপুর গ্রামে একাদশ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ব্লাকমেইল করে দীর্ঘদিন থেকে ধর্ষণ করে আসছে একই এলাকার আলী আকবর নামে এক ভন্ড কবিরাজ। গত সোমবার বিকালে ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষককে আটক করে।
অপরদিকে একইদিন পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নিয়মিত মামলার এজাহার নামীয় ও বিভিন্ন অপরাধে আরো ১৬ জনকে আটক করে। আটক অপর ১৬ জন হলো- মোক্তার হোসেন, মো. ভুট্টু, নুরুন্নবী গাজী, আ. রহমান গাজী, শরীফ গাজী, সাইফুল ইসলাম, শাহাজাহান গাজী, হারুন গাজী, জাফর গাজী, মজিব গাজী, সিয়াম হোসেন, ইকবাল হোসেন, মামুন হোসেন, বাচ্চু গাজী, নেয়ামত উল্লাহ ও আবুল বাশার গাজী।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব ধর্ষণ মামলার আসামি আলী আকবরসহ ১৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

৩ জুন, ২০২০।