চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জেলের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা নিধন করায় ৪ অসাধু জেলেকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার (৭ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। আটকরা হলেন- মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার আবুল হাসেম (৩০), আ. রহমান (২৬), মো. সম্রাট (২৮) ও সবুজ (২৪)।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে জানানো হয়, স্টেশন কমান্ডার লে. আসাদুজ্জামানের নির্দেশে ও পেটি অফিসার এমদাদুল হকের নেতৃত্বে রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেঘনা নদীর আমিরাবাদ, কানুদি ঘাটস্থ এলাকা থেকে জাটকা নিধন করায় ৪ অসাধু জেলেকে আটক করে। এ সময় ৩টি ইঞ্জিনচালিত নৌকা, ৩ লাখ মিটার কারেন্ট ও মশারী জাল জব্দ করা হয়।
ইঞ্জিলচালিত নৌকার আনুমানিক দাম ১১ লাখ ৮০ হাজার টাকা, ১ লাখ ৭০ মিটার মশারী জালের আনুমানিক দাম ৫৯ লাখ ৫০ হাজার টাকা এবং ১ লাখ ৩০ হাজার মিটার কারেন্টজালের আনুমানিক দাম ৪৫ লাখ ৫০ হাজার টাকা। পরে তাদের আটক করে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে নিয়ে আসা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত বলেন, জব্দকৃত জাল পুড়িয়ে আগুনে বিনষ্ট করে দেয়া হয় এবং ৪টি ইঞ্জিনচালিত নৌকা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
০৯ মার্চ, ২০২১।