হাজীগঞ্জে কলেজ ছাত্রের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে মো. সাখাওয়াত হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। সোমবার (৮ মার্চ) বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম বেলঘর বড় হাটখোলা বাড়ির সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাখাওয়াত হোসেন ওই গ্রামের হাটখোলা বাড়ির প্রবাসী সফিউল্যাহর ছেলে। সে মনিপুর স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
গত ৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টায় কলেজ ছাত্র মো. সাখাওয়াত হোসেনের উপর পূর্ব বিরোধের জেরে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে সে গুরুতর আহত হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। এই হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে পরিবারের লোকজন ও এলাকাবাসী একত্রিত হয়ে হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করে।
হামলায় আহত মো. সাখাওয়াত হোসেনের চাচা হামলাকারী মো. নজরুল ইসলাম (৪৮) সহ চারজনকে বিবাদী করে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়। তিনি ওই বাড়ির মৃত সুজুত আলীর ছেলে। অভিযোগের অন্য বিবাদীরা হলেন- বিবাদী নজরুল ইসলামের স্ত্রী শেপালী বেগম (৪২), তার ছেলে নয়ন (২০) ও তার স্ত্রীর ভাই ইমান হোসেন। তিনি একই ইউনিয়নের কাঁঠালী গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে।
এদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন আহত সাখাওয়াত হোসেনের দাদী দুলুপি বেগম (৭০)। তিনি তার আহত নাতি সাখাওয়াত হোসেনের পক্ষে এবং তার ছেলে নজরুল ইসলামসহ অন্য বিবাদীদের বিরুদ্ধে বক্তব্য দেন। এসময় তিনি হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।
এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপন চাচা, তার ভাতিজার উপর এভাবে দিন-দুপুরে হামলা করবে, তা মেনে নেওয়া যায় না। তিনি এলাকাবাসীর পক্ষে এই নৃশংস হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন ঘটনার প্রত্যক্ষদর্শী হাটখোলা বাড়ির মনির হোসেনের স্ত্রী হনুফা বেগম (৬৫) তিনি জানান, ওই দিন সকালে তার সামনে নজরুল ইসলাম, তার স্ত্রী শেপালী ও ছেলে নয়নসহ তিন-চারজনে মিলে সাখাওয়াত হোসেনকে খুব মারধর করে। তাদের মারধর দেখে আমি হতভম্ভ হয়ে যাই। তিনি বলেন, আমি বয়স্ক মানুষ। তাই মারামারি থেকে তাদের ছুটাতে না পেরে ডাক-চিৎকার দিয়ে লোকজন জড়ো করি।
মানববন্ধনে সাখাওয়াত হোসেনের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার বোন শিউলী আক্তার। তিনি বলেন, হত্যার উদ্দেশে আমার ভাইয়ের উপর আমার চাচা নজরুল ইসলাম, চাচি ও চাচাতো ভাইসহ তাদের এক আত্মীয় অর্তকিত হামলা করে তাকে গুরুতর আহত করে। আমি এর বিচার চাই। এ সময় মানববন্ধনে উপস্থিত নারী ও পুরুষ সবাই এলাকাবাসীর পক্ষে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বিষয়টি নিয়ে আমি অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মো. জয়নাল আবেদীন সাথে কথা বলে আইন অনুযায়ী তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
০৯ মার্চ, ২০২১।