স্টাফ রিপোর্টার
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষের হাট এলাকায় সরকারি যমুনা অয়েল কোম্পানীর ভাউচার থেকে দিনের আলোয় প্রকাশ্যে প্রতিদিন শত শত লিটার ডিজেল, পেট্রোল ও অকটেন দেদারছে চুরি হচ্ছে। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টায় সংবাদকর্মীরা ঐ এলাকায় গেলে তাদের ক্যামেরায় প্রকাশ্যে চুরির ঘটনা ফুটে ওঠে। এসময় চোরাই তেল ক্রেতা রাশেদ গাজী উপস্থিত সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন।
জানা যায়, চাঁদপুর শহরের নতুনবাজার যমুনা অয়েল কোম্পানীর ডিপো থেকে কচুয়ার এক ডিলারের জন্য তেল নিয়ে রওয়ানা করে (চট্ট মেট্রো-ঢ-৪১-০৬৪৩) নম্বরের ভাউচারটি। কিন্তু কচুয়া যাওয়ার পথে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষের হাট এলাকার রাশেদ গাজী ট্রেডার্সে গাড়ির ড্রাইভার ইব্রাহিম পাইপ দিয়ে প্রায় ১শ’ লিটার ডিজেল বের করে বিক্রি করে দেয়। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গাড়ি ড্রাইভার ইব্রাহিম দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে সটকে পরে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, চাঁদপুর লক্ষীপুর মহাসড়কের পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে অসংখ্য তেলের দোকান। প্রতিদিন এ পথে যাতায়াতকারী পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোর তেলের ভাউচার থেকে হাজার হাজার লিটার ডিজেল, পেট্রোল ও অকটেন দেদারছে চুরি করে বিক্রি করছে অসাধু ড্রাইভাররা।
এ ব্যাপারে প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় চোরাইকৃত তেল বেচে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে অনেকে।
ঘোষের হাটের রাসেদ গাজীর মতো আরো অনেক ফুটপাতের তেল ব্যবসায়ী আছে যারা চোরাই তেল বিক্রি করে কোটিপতি বনে গেছে। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ না থাকায় এরা দিনের পর দিন বেপরোয়া হয়ে ওঠেছে। এরা এখন প্রকাশ্য দিবালোকে চুরি করছে।
২৯ ডিসেম্বর, ২০২২।
