স্টাফ রিপোর্টার
তারা মাছ পরিবহনের পিক-আপ ভ্যানে করে বিক্রি করেন ইয়াবা। করোনাকালীন সময়েও থেমে নেই তাদের রমরমা মাদকের ব্যবসা। চট্টগ্রাম থেকে মাদক এনে চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলায় চালান দেয় মাদক কারবারীরা। গোপন সংবাদের ভিত্তিতে এমনি একটি চক্রের সন্ধান পেয়ে হাতে-নাতে ৩ হাজার ২শ’ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। জব্দ করা হয়েছে নগদ ৫ হাজার ৪শ’ টাকা ও ৩টি মোবাইল।
বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর শহরের যমুনা রোড এলাকা থেকে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাহার মিয়ার নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডের ইউসুফ সর্দারের ছেলে মাসুদ সর্দার (৪৫), বড়স্টেশন যমুনা রোডের মৃত নুর মোহাম্মদ খাঁর ছেলে হানিফ খাঁ (৪০) ও বড়স্টেশন ফাইলট হাউজ সংলগ্ন মৃত আয়াত আলীর ছেলে হিযবুল্লাহ মাতাব্বর (৩০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও দুই মাদক কারবারী পালিয়ে যায়। তারা হলেন- বড় স্টেশন যমুনা রোডের হানিফ খাঁর ছেলে ইরফান খাঁ (১৯) ও মামুন নামে আরেকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারী ইরফান খান চট্টগ্রাম থেকে মাছ পরিবহন করে চাঁদপুরে আনা-নেয়া করে। এরই মধ্যে সে জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়। মাছের আড়ালে দীর্ঘদিন সে ইয়াবা পাচার করছে।
চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাহার মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে যমুনা রোডে অভিযান করা হয়। এ সময় পিকআপ ভ্যানে (ঢাকা মেট্রো-ন-১৫-৯০৭৯) তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে ইয়াবার ২শ’ পিসের ১৬টি প্যাকেট উদ্ধার করা হয়। যার পরিমাণ হচ্ছে ৩ হাজার ২শ’ পিস। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। এ সময় আটক ৩ জনের কাছ থেকে পিকআপ ভ্যান, ৩টি মোবাইল সেট ও নগদ ৫ হাজার ৪শ’ টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া দু’জনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
২৫ জুন, ২০২০।
