স্টাফ রিপোর্টার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মাদকবিরোধী প্রীতি ভলিবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে চাঁদপুর জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া বিশেষ ভূমিকা রাখতে পারে। কিশোর ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। খেলার জন্য সঠিক পৃষ্ঠপোষকতা না থাকলে এগিয়ে নেওয়া কষ্টকর। প্রিমিয়ার লীগ ও টি-টুয়েন্টি এ মাসেই চাঁদপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। সবাই মিলে কাজ করলে কোন প্রতিবন্ধকতাই আমাদের রুখে দিতে পারবে না। মাদককে না বলবো, মাদক থেকে দূরে থাকবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক ইমদাদুল হোসেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।
চাঁদপুর জেলা পুলিশ দলকে ২-০ সেটে হারিয়ে চাঁদপুর ভলিবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
৩০ ডিসেম্বর, ২০২১।
