মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশিদ মুন্সীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী গ্রামের মুন্সী বাড়িতে মরহুমের দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে বাদ যোহর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
গত ২৬ ডিসেম্বর দিবাগত রাতে অসুস্থতাজনিত কারণে মো. হারুনুর রশিদ মুন্সী রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী রোকেয়া সুলতানা হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একমাত্র সন্তান ফারহান রশিদ নাবিল যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
গতকাল বুধবার দুপুরে জানাযার পরে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার এবং গার্ড অব অনারে সালাম প্রদান করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ। এসময় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, অন্যান্য সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের মুসল্লি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
জানাযার আগে মরহুম মো. হারুনুর রশিদ মুন্সীর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক এ.কে.এম ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও মরহুমের ছেলে ফারহান রশিদ নাবিল।
জানাযার পরে মরহুম মো. হারুনুর রশিদ মুন্সীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফজলুল হক, নাছির উদ্দিন আহমেদ ও মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন ও ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলা পরিষদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল মান্নান খাঁন বাচ্চু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের মজুমদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী ও গাজী মাইনুদ্দিনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
৩০ ডিসেম্বর, ২০২১।
