চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

শেকড় আর মাটির টানে আমাকে চাঁদপুরে ছুটে আসতে হয়
……….. শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

এস এম সোহেল
চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও উদ্বোধক ফরিদগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারীসহ অতিথিরা চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বিজয়মেলা মঞ্চে উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস আর একই দিনে আমার জন্মদিন। শত্রুমুক্ত দিনে আমার জন্ম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই নাঁড়ির টানেই চাঁদপুরের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। চাঁদপুর থেকে আমাকে আলাদা করা যাবে না। শেকড় আর মাটির টানে আমাকে এখানে ছুটে আসতে হয়। আজ চাঁদপুর মুক্ত দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্ম শতবার্ষিকীতে বিজয় মেলার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরো বলেন, একাত্তর ও পঁচাত্তরের পরাজিত শক্তিরা এখন দেশে বিদেশে থেকে দেশের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এরাই তারা, যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তারা ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ দেশে ভয়াবহ অপকর্মে লিপ্ত রয়েছে। তাদের চরিত্র নানা চেহারায় আমরা দেখতে পাই। আমরা আর পিছনে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই। সব অপশক্তিকে রুখে দিতে হবে। সব ভুল-ভ্রান্তি দূর করে আমরা এগিয়ে যাচ্ছি। অতীতের জঞ্জাল পরিষ্কার করছেন জননেত্রী শেখ হাসিনা। উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা বিজয়ী জাতি, আমরা কোন অপশক্তির কাছে আমরা পরাজিত হবো না।
বিজয়মেলা মঞ্চে উদ্বোধনী আলােচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আরো বলেন, জনগণের কাছে যা কিছু গ্রহণযোগ্য নয় তা আওয়ামী লীগের কাছেও গ্রহণযোগ্য না। কেউ কেউ বিভিন্ন আচরণ কিংবা কথার মাধ্যমে নিজেদের বিতর্কিত করছেন। এরমধ্যে অনেকেই সরকারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। খুবই দুঃখজনক, এটি আমাদের কাম্য নয়।
বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। সরকার, আওয়ামী লীগ এবং জনগণের কাছে যা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সরকার ও জনগণ তার বিরুদ্ধে সবসময় অবস্থান নিবে। যদি সে দলের হয়, সরকরের হয় তাকে সেখান থেকে অপসারণ করা হবে। এরই মধ্যে অনেককে অপসারণ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
চাঁদপুরে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধকের বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী। আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজয় মেলা স্টিয়ারিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ।
বিজয়মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান অ্যাড. বদিউজ্জামান কিরণের সভাপতিত্বে এবং মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মঈনুল হাসান, বিজয় মেলা উদযাপন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মহসিন পাঠান, স্টিয়ারিং কমিটির সদস্য ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারনম্যান আইয়ুব আলী বেপারী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রশিদ, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম শামছুল আলম চিশতী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, ফরিদা ইলিয়াস, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটোয়ারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, তরপুরচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহ পাটোয়ারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান হাজি কাশেম খান, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম-আহ্বায়ক মো. সফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনুর, পৌর যুবলীগের সদস্য অ্যাড. কবির চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আব্দুল মোতালেব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গাজীসহ আরো অনেকে।
বিজয়মেলা মঞ্চে উদ্বোধনী আলোচনা সভা শেষে মেলা মঞ্চে ১২৯ জন দুস্থ ও অসহায় এবং প্রতিবন্ধীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের ৬৪ লাখ ৫০ হাজার তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিসহ অতিথিরা।

০৯ ডিসেম্বর, ২০২১।