চাঁদপুরে মাস্ক ও স্যানিটাইজারের দাম বেড়েছে

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস (কাভিড-১৯) সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের লকডাউন ঘোষণা দিয়েছে সরকার। চাঁদপুরে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী। সাথে রয়েছে কুমিল্লা থেকে আগত বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ব্যাটালিয়ন আনসার বাহিনী সদস্যরা।
কঠোর বিধি-নিষেধ (লকডাউন) ঘোষণার পর থেকেই চাঁদপুরে মাস্ক ও স্যানিটাইজারের দাম বেড়েছে দ্বিগুণ। শনিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুরে লকডাউনের দশম দিনে চাঁদপুর শহরের বেশ কয়েকটি স্টেশনারি দোকান ও ওষুধ ফার্মেসী ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতারা জানান, করোনাভাইরাসের প্রথম ঢেউ আসার পর অসাধু ব্যবসায়ীরা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দাম দ্বিগুণ করেছে। এবার দ্বিতীয় ঢেউ আসার পর আবারো অসাধু ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে, বিষয়টি মাঠ প্রশাসনের নজরে না আসলে এর দাম আরো বাড়িয়ে দেবে অসাধু কিছু ব্যবসায়ী।
এ বিষয়ে মাস্ক-স্যানিটাইজার বিক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন, মাস্ক ও স্যানিটাইজার পর্যাপ্ত আছে। আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কয়েকজন খুচরা মাস্ক বিক্রেতারা জানান, লকডাউন ঘোষণার পরই পাইকারি বাজারে মাস্কের দাম বেড়ে গেছে। তাই বাড়তি দাম দিয়ে বাধ্য হয়েই কিনতে হচ্ছে। এখন দুই পিস মাস্ক ১০ টাকা, আগে চার পিস ১০ টাকায় বিক্রি করতাম।
শহরের বাসস্ট্যান্ড ফয়সাল সপিং সেন্টারের একজন ব্যবসায়ী বলেন, মাস্কের চাহিদা আগের চাইতে অনেক বেশি, তাই দামও সামান্য বেশি। ঢাকা থেকে আমরা বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে স্যানিটাইজার দাম আগের চাইতে একটু বাড়েছে। আগে এক বক্স মাস্কের (৫০টি) দাম ছিলো ৭৫ থেকে ১১০ টাকা। এখন সেই মাস্ক দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫০ টাকা। স্যানিটাইজার ছোট সাইজ ৩৫-৫০ টাকা, আর বড় সাইজ ১২০ থেকে ১৪০ টাকা।
ফার্মেসীর একজন সেলসম্যান জানান, চাঁদপুরে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি হওয়ার পর থেকে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি বেড়ে গেছে। আগে মাসে এক-দেড় ডজন হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হয়েছে। এখন সপ্তাহে দুই ডজন হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হচ্ছে। আগের থেকে বিক্রি বেড়েছে, কিন্তু কিছুটা দাম বেড়েছে। আগে কিছু স্টক ছিল, সেগুলো আগের দামে বিক্রি করেছি। নতুন স্টকে কিছুটা দাম বেড়েছে ছোট পিছে ৩ টাকা আর বড় পিছে ৫ টাকা।

১১ জুলাই, ২০২১।