একটি মা ইলিশ রক্ষা করা মানে ১২ থেকে ১৩ লাখ ইলিশ মাছ রক্ষা করা
…..জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা টাস্কফোর্সের উদ্যোগে মা ইলিশ রক্ষা কার্যক্রমের উদ্বোধন ও নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের ত্রি-নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে এই অভয়াশ্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে তারা ঘুরে-ঘুরে জেলেদের নদীতে অবস্থান আছে কিনা তা’ প্রত্যক্ষ করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অভয়াশ্রমের ২২ দিন নদীতে কোনভাবেই জেলেদের নামতে দেয়া হবে না। এ বিষয়ে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। প্রাকৃতিক সম্পদ ইলিশ রক্ষায় শুধু জেলে নয়, সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, একটি মা ইলিশ রক্ষা করা মানে ১২ থেকে ১৩ লাখ ইলিশ মাছ রক্ষা করা। তাই এই মুহূর্তে যদি আমরা একটু সচেতন হই এবং মা ইলিশ নিধন না করি তাহলে আগামিতে এর সুফল আমরা পাবো এবং ঝাঁকে ঝাঁকে ইলিশ ঘাটে আসবে। সেক্ষেত্রে ইলিশের দাম অনেক কমে যেতে পারে। আর দাম কমলে আমরা সবাই মিলে মিশে ইলিশ খেতে পারবো।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। শুধু নদীতে নয় স্থলভাগেও যাতে কেউ মাছ বিক্রি করতে না পারে সেজন্য কঠিন নজরদারি রাখা হচ্ছে।
চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, শুধু জেলে নয়, মা ইলিশ রক্ষা বাস্তবায়ন করতে আমাদের সবার আরো বেশি সচেতন হতে হবে। সরকার ঘোষিত এই নির্দেশনা যদি আমরা মেনে চলি তাহলে এর সুফল আমরা নিজেরাই ভোগ করব। নদীতে যদি কোন জেলে মাছ ধরা অবস্থায় আটক হয় তাহলে কোন জনপ্রতিনিধি যাতে তার পক্ষের সুপারিশ করতে না আসে সেজন্য সাংবাদিক ও স্থানীয় মানুষকে নজর রাখার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইলিশ গবেষক ড. আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট রুহান মোর্শেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম, চাঁদপুর নৌ-থানার ওসি মুজাহিদুল ইসলাম, কান্ট্রি ফিশ মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিকসহ আরো অনেকে।
০৫ অক্টোবর, ২০২১।
