স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আরো ১ জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। যদিও এর আগেও তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এছাড়া লক্ষ্মীপুর থেকে করোনায় আক্রান্ত এক রোগী ফরিদগঞ্জে এসে সেখানে চিকিৎসাধীন। সে কারণে চাঁদপুরে এখন করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এর মধ্যে মৃতের সংখ্যা ৪ জন। সুস্থ হয়েছেন ১২ জন। হাজীগঞ্জের ইউএনও-কে রোববার করোনামুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল¬াহ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার মোট ৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১ জনের রিপোর্ট করোনা পজেটিভ। বাকি ৩ জনের রিপোর্ট নেগেটিভ। পজেটিভ আসা ব্যক্তি চাঁদপুর সদরের।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৪৮ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো- চাঁদপুর সদরে ২৬, ফরিদগঞ্জে ৭, হাজীগঞ্জে ৪, মতলব উত্তরে ৫, কচুয়ায় ২, হাইমচরে ২ ও শাহরাস্তিতে ২ জন। উল্লেখ্য, মতলব দক্ষিণ উপজেলায় এখনো করোনায় আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি।
এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার তৃতীয় নমুনা টেস্টের রিপোর্টও করোনা নেগেটিভ আসায় রোববার তাকে সুস্থ ঘোষণা করা হয়। তার প্রথম রিপোর্টটি করোনা পজেটিভ আসলেও পরের ২টি রিপোর্ট নেগেটিভ এসেছে।
সিভিল সার্জন অফিস থেকে প্রেরিত এক প্রেস নোটে জানানো হয়, রোববার আরো ৬০ জনের নুমনা পাঠানো হয়েছে করোনা টেস্টের জন্য। এ নিয়ে মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৭৮৩। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৬৯৬টির। রিপোর্ট অপেক্ষমান রয়েছে ৮৭টি।
এতে আরো বলা হয়, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৫০ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ১৬ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৩৬৪৪ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৪৩৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২০৬ জন।
১১ মে, ২০২০।
