স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলায় নতুন করে আরো ৭ জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ফেইসবুক পেইজে (কোভিড-১৯ হেল্পলাইন) মঙ্গলবার (সোমবার দিবাগত) গভীর রাতে বিষয়টি জানান দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘নতুন ২৭টি রিপোর্টের মধ্যে ৯টি পজেটিভ। ভয় পান, ঘরে থাকেন।’
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আরএমও ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল রাত পৌনে ২টায় জানান, গভীর রাতে চাঁদপুরের আরো ২৭জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া গেছে। ৯ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। তবে এদের মধ্যে ২ জন আগেই পজেটিভ ছিলেন। অর্থাৎ নতুন আক্রান্তের সংখ্যা ৭ জন। তাই এখন মোট আক্রান্তের সংখ্যা হবে ২৯ জন।
তিনি আরো বলেন, আগে আক্রান্ত যে ২ জনের রিপোর্ট পুনরায় পজেটিভ এসেছে তারা হলেন চাঁদপুর সদরের কামরাঙ্গা গ্রামে করোনায় মারা যাওয়া ফয়সালের শালিকা এবং অপরজন সেই ব্যক্তি যে ঢাকা থেকে এসে হাসপাতাল থেকে পালিয়েছিল।
এর আগে সোমবার দুপুরে পাওয়া রিপোর্টের ভিত্তিতে চাঁদপুরে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হন। তারা সবাই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা। এরা হচ্ছেন- চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকার এক তরুণী (২০), নতুনবাজার এলাকার এক যুবক (২২) এবং পুরাণবাজার এলাকার এক যুবক (২২)। সোমবার (৪ মে) সকাল ও দুপুরে দু’দফায় তাদের রিপোর্ট আসে সিভিল সার্জন অফিসে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সোমবার সকালে ও দুপুরে মোট ৭ জনের নমুনা টেস্টের রিপোর্ট আসে। এদের মধ্যে ৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ। বাকি ৪ জনের রিপোর্ট নেগেটিভ।
সূত্র আরো জানায়, করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ৬ জনের মধ্যে ২ জন হাজীগঞ্জে নিজ নিজ বাসায়, ২ জন সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে (এই দু’জন ফরিদগঞ্জের) এবং চাঁদপুর সদরের রামপুরের ১ জন, পুরানবাজারে ১ জন, নতুনবাজারের ১ জন ও তরপুরচন্ডীর ১ জন, হাইমচরের ১ জন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় এবং বিভিন্ন দেশে চাঁদপুরের আরো অনেকে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের হিসেব চাঁদপুর সিভিল সার্জন অফিসে নেই। চাঁদপুর স্বাস্থ্য বিভাগের মাধ্যমে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে কিংবা চাঁদপুরের স্বাস্থ্য কেন্দ্রে আক্রান্ত যারা চিকিৎসা নিচ্ছেন শুধুমাত্র তাদের তথ্যের ভিত্তিতে চাঁদপুর জেলার করোনার পরিসংখ্যান জানাচ্ছে সিভিল সার্জন অফিস।
উল্লেখ্য, সোমবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২২জন। রোববার পর্যন্ত যা ছিল ১৯। অর্থাৎ দু’দিনের ব্যবধানে চাঁদপুরে রোগীর সংখ্যা ব্যাপকহারে বাড়লো।
০৫ মে, ২০২০।
