স্টাফ রিপোর্টার
আদালতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম চালুর প্রতিবাদে এবং আগের মতো ম্যানুয়াল বিচার পদ্ধতি চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চাঁদপুরে আইনজীবীরা। গতকাল মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় চাঁদপুর জেলা আদালত প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নেতৃবৃন্দ।
সমাবেশে গণমাধ্যমের উদ্দেশে আইনজীবীরা জানান, বাংলাদেশসহ সারা বিশ্ব কোভিড-১৯ মহামারি দ্বারা আক্রান্ত হওয়ায় বাংলাদেশের সব অফিস-আদালত, গণপরিবহন, দোকান-পাট, শিল্প-কারখানা প্রায় ৩ মাসাধিককাল বন্ধ ছিলো। দীর্ঘদিন যাবৎ আদালত, শিল্প-কারখানা বন্ধ থাকায় দেশের অর্থনীতি ভেঙ্গে যাবার সম্ভাবনা দেখা দেয়। ফলে সরকার দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য সীমিত আকারে সামাজিক দূরত্ব বজায় রেখে অফিস-আদালত, গণপরিবহন, দোকানপাট ও শিল্প-কারখানা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলার সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে সুপ্রীম কোর্টের প্রজ্ঞাপনের মাধ্যমে হাইকোর্টসহ নিম্ন আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে বিষয়ে শুনানির সিদ্ধান্ত প্রদান করে। কিন্তু ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনা করতে গিয়া শুধু ফৌজদারি আদালতের জামিন শুনানি কিছুটা সম্ভব হলেও জনগণের ন্যায়বিচারের জন্য যেসব বিষয়ে বিচার দেয়া ও হওয়া প্রয়োজন তা সম্ভব নয়।
উদাহরণ দিয়ে আইনজীবীরা বলেন, ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের ও মোকদ্দমার সময়সীমা অতিক্রান্ত হয়ে যায়। ফৌজদারি আদালতে চার্জশীটভুক্ত আসামিদের স্বেচ্ছায় হাজির করানো সম্ভব হচ্ছে না। দেওয়ানী আদালতে কিছু গুরুত্বপূর্ণ মামলা যেমন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কবলা পাওয়ার মামলা, প্রিয়েমশন মামলা, খাস দখলের মামলা দায়ের করার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেলেও ঐ মামলাগুলি দায়ের করা সম্ভব হচ্ছে না।
তাছাড়া ইতোপূর্বে সব নিষেধাজ্ঞা মামলা করা হয়েছে ঐ মামলায় অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিবাদীপক্ষ তাদের দলীয় ভূমিদস্যু সন্ত্রাসী দ্বারা আদালত থাকার সুযোগে বাদীকে বেদখল করলে বাদী কোনরুপ আইনের আশ্রয় নিতে পারে না। আবার কোন আপীল বা রিভিশন দায়েরের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও দায়ের করা যাচ্ছে না।
ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট পরিচালনা করার ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলির কার্যক্রমের কোন সুযোগ না থাকায় বিচারপ্রার্থী জনগণ ন্যায়বিচার হতে বঞ্চিত হচ্ছে। সুতরাং আমাদের চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের দাবি, ভার্চুয়াল পদ্ধতিতে বিচার পদ্ধতি বাতিল করে সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে কোর্ট পরিচালনা করার আবেদন জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক অ্যাড. এমরান হোসেন, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, অ্যাড. ফজলুল হক সরকার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সাবেক পিপি অ্যাড. আমান উল্যাহ, আইনজীবী এজেডএম রফিকুল হাসান, খোরশেদ আলম, জয়নাল আবেদীন, বিধুভূষন নাথ, আব্দুল কাদের খান, নুরুল আমিন খান, সেলিম চৌধুরী, সালমা, দিরান মেহবুবা ইয়ারিন প্রমুখ।
৩ জুন, ২০২০।
