চাঁদপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় ৩ জনের অর্থদণ্ড

শাহ আলম খান
চাঁদপুর শহরে হোম কোয়ারেন্টাইন না মানায় ৩ জনকে ৬শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২ জুন) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত শহরে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল মোর্শেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ বলেন, চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজেদুর রহমান খানের নির্দেশে সেনাবাহিনীকে সাথে নিয়ে চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় টহলরত থেকে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টাইন মেনে চলতে বলা হয়। হোম কোয়ারেন্টাইন না মানায় ৩ জনকে ৬শ’ টাকা অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়- শপথ চত্বর, পালের বাজার গেট, ব্রিজের সামনে এবং পুরাণবাজার এলাকায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইহসানসহ কর্মকর্তারা। এসময় বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

৩ জুন, ২০২০।