চাঁদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

এস এম সোহেল
মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গত শনিবার চাঁদপুর জেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবস উদযাপনকে কেন্দ্র করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সরকারের বিভিন্ন বিভাগ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করে।
মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু। তোপধ্বনি শেষে অঙ্গীকার বেদীতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাব, নৌ-পুলিশ, সিভিল সার্জন, জেলা আনসার ও ভিডিপি, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর মৎস্য অধিদপ্তর, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা বিএমএ, চাঁদপুর জেলা জাকের পার্টি, চাঁদপুর জেলা শিক্ষা অফিস, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবীসহ সর্বস্তরের জনসাধারণ।
সূর্যোদয়ের সাথে-সাথে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলিত হয়। সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন করেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী বাহিনী, রোভার স্কাউট, গার্লস্ গাইড, কাব স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোর সংগঠনের কুচকাওয়াচ পরিদর্শন শেষে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। কুচকাওয়াচ শেষে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মনোমুগ্ধকর শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শিত হয়। কুচকাওয়াচ, ডিসপ্লে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান। একই সময় জেলার সব সিনেমা হলে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী হয়েছে। দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারি শিশু সদন এবং মুখ ও বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। সুবিধাজনক সময়ে জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মন্দির এবং গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়েছে। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত চাঁদপুর পুরাতন লঞ্চঘাটে বাংলাদেশ নৌ-বাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের জন্য ঋন্মুক্ত রাখা হয়। বিকেল ৩টায় চাঁদপুর মহিলা কলেজে জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারীদের আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে কাবাডি বালক-বালিকা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও আগত অতিথির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত ও সাংবাদিক এমআর ইসলাম বাবুর যৌথ পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অপর্ণা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিনসহ মুক্তিযোদ্ধা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
সন্ধ্যা ৬টায় চাঁদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুস্থ, সবল জ্ঞান, চেতনা সমৃদ্ধ, কোনরকম ভেদ বৈষম্যহীন, শোষণহীন, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ দেশপ্রেমিক মানুষের উন্নত সমৃদ্ধ এক আধুনিক বাংলাদেশের। এরই ধারাবাহিকতায় আমরা এখন সেই স্মার্ট বাংলাদেশে বসবাস করি যেখানে মানুষ এখন বিশ্বাস করে, ঘরের কাছেই সব ধরনের সেবা পাওয়া সম্ভব। মানুষের এই বিশ্বাস অর্জন ডিজিটাল বাংলাদেশের পথচলায় সবচেয়ে বড় পাওয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ ইয়াকুব আলী মাস্টার, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও ডা. পীযূষ কান্তি বড়ুয়া।
আলোচনা সভা শেষে শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। সবশেষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

১৮ ডিসেম্বর, ২০২৩।