চাঁদপুরে ৬ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী ২৯

আজ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

এস এম সোহেল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনে ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রোববার (১৭ ডিসেম্বর) চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর মধ্যে চাঁদপুর-১ আসনে ২ জন, চাঁদপুর-২ আসনে ১ জন, চাঁদপুর-৪ আসনে ২ জন ও চাঁদপুর-৫ আসনে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চাঁদপুর-৩ আসনের কেউ প্রত্যাহার করেননি। প্রত্যাহারের পর জেলার ৫টি সংসদীয় আসনে ২৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন। আজ সোমবার জেলার ৫টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর-১ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ডা. এ কে এস এম শহিদুল ইসলাম ও জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. মাসউদুল আহসান, চাঁদপুর-২ আসনে জাকের পার্টির ওবায়েদ মোল্লা, চাঁদপুর-৪ আসনে সদ্যপদত্যাগী উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জাকের পার্টির নুরুল ইসলাম, চাঁদপুর-৫ আসনে জাকের পার্টির মো. মুকবুল আহমেদ। মনোনয়নপত্র প্রত্যাহারকারী ৬ জনের মধ্যে ৪ জন’ই জাকের পার্টির প্রার্থী ছিলেন।
চাঁদপুরের ৫টি আসনে এবার ৪৩ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বাছাইয়ে ১১ জনের মনোয়নপত্র বাতিল হয়ে প্রার্থী দাঁড়ায় ৩২ জনে। বাতিল প্রার্থীদের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফেরত পান আরো ৩ জন। এতে প্রার্থী বেড়ে হয় ৩৫ জন। গতকাল ৬ জন প্রত্যাহার করায় এখন চূড়ান্ত প্রার্থী ২৯জন।
চূড়ান্ত প্রার্থীরা হলেন- চাঁদপুর-১ আসন (কচুয়া): আওয়ামী লীগের সেলিম মাহমুদ, জাসদের সাইফুল ইসলাম ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. সেলিম প্রধান।
চাঁদপুর-২ আসন (মতলব উত্তর ও মতলব দক্ষিণ): আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী, জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া, সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন, স্বতন্ত্র এম. ইসফাক আহসান ও জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার।
চাঁদপুর-৩ আসন (সদর ও হাইমচর) : আওয়ামী লীগের ডা. দীপু মনি, জাতীয় পার্টির মো. মহসীন খান, জাকের পার্টির মো. কাওছার মোল্লা, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আবু জাফর মো. মঈন উদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র ড. মোহাম্মদ সামসুল হক ও মো. রেদওয়ান খান।
চাঁদপুর-৪ আসন (ফরিদগঞ্জ): আওয়ামী লীগের মুহম্মদ শফিকুর রহমান, জাতীয় পার্টির সাজ্জাদ রশিদ, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল গনি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী, তৃণমূল বিএনপির মো. আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর ড. মুহাম্মদ শাহজাহান এবং স্বতন্ত্র জালাল আহমেদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া।
চাঁদপুর-৫ আসন (শাহরাস্তি ও হাজীগঞ্জ): আওয়ামী লীগের মেজর (অব.) রফিকুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (বিএনএফ) এর বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী এবং স্বতন্ত্র গাজী মাইনুদ্দিন ও মো. শফিকুল আলম।
উল্লেখ্য, আজ সোমবার প্রতিক বরাদ্দ এবং আগামি ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

১৮ ডিসেম্বর, ২০২৩।