চাঁদপুরে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ বিক্ষোভ সমাবেশ

 

নূরে আলম খান
মহান স্বাধীনতা দিবসে ছাত্রলীগ ও পুলিশের হামলায় দেশব্যাপী মানুষ হত্যার প্রতিবাদে চাঁদপুর জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন আকাশ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, মোদী বাংলাদেশে প্রবেশ যেন না করতে পারে সেজন্য মুসলিম সমাজ প্রতিবাদ করলে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে কয়েকশত মানুষ আহত হয়। ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ বাংলাদেশের গণতন্ত্র কলঙ্কিত। বাঙালির রক্তে মোদীকে আওয়ামী লীগ সরকার উপহার দিয়েছে, এতে স্বাধীনতা দিবস কলঙ্কিত হয়েছে। ২৫ মার্চ রাতে যেমনিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করেছিল তেমনি পুলিশ স্বাধীনতার ৫০ বছর পর তারাই পুলিশ লেলিয়ে দিয়ে দেশের জনগণকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এখন থেকে ভারতীয় সব পণ্য বাংলাদেশ থেকে বর্জন করবো। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করবো শক্তিশালীভাবে। এ সরকার বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে। ভারতের সরকার মোদী ভারতে মুসলিমদের হত্যা করেছে, সেই মোদীকে শেখ হাসিনা বাংলাদেশে এনে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে। তার প্রতিবাদে আন্দোলন করলে গুলি করে ৭ জনকে হত্যা করা হয়েছে।
২৮ মার্চ, ২০২১।