ইলশেপাড় রিপোর্ট
সারাদেশের মতো চাঁদপুরেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার প্রকোপ। এ জেলার সর্বসাধারণের মাঝে সচেতনতার অভাবেই মূলত বাড়ছে করোনা। প্রশাসনের তৎপরতা কমে আশায় স্বাভাবিক হয়ে আসছে এ জেলার জনজীবন। কেবলমাত্র শহরের বিপণী-বিতান ছাড়া সবকিছুই স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩শ’ ৪৩ জন, আর মৃত্যু হয়েছে রেকর্ড ৭৭ জনের। তার মাঝে চাঁদপুরে আক্রান্ত হয়েছে ৩৫ জন। এ পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত হয় ৩ হাজার ৪শ’ ৯৪ জন।
গত সোমবার থেকে ৭ দিনের জন্য সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করে। প্রশাসনের তৎপরতায় লকডাউনে সড়কে জনসাধারণের উপস্থিতি কমে আসে। গতকাল থেকে প্রশাসনের তেমন তৎপরতা না থাকায় স্বাভাবিক হয়ে যায় জনজীবন। সড়কে অবাদে চলছে সব ধরনের যানবাহন। স্বাভাবিক নিয়মেই যে যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে মানুষ। সর্বত্রই ভীড় জমাচ্ছে তারা।
এদিকে সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতোটাই বেড়েছে যে সেবা দিতে আমাদের স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
অপরদিকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে ১০টি শর্ত মানতে অনুরোধ করেছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
অপরদিকে করোনার এই দ্বিতীয় ঢেউয়ে ৩০ জন সংসদ সদস্য আক্রান্ত হয়েছেন। তারা হলেন- সংসদ সদস্য অ্যাড. আবদুল মতিন খসরু, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ঢাকা-৭ আসনের হাজি মো. সেলিম, চট্টগ্রাম-১২ আসনের শামসুল হক চৌধুরী, কক্সবাজার-১ আসনের জাফর আলম, কক্সবাজার-২ আসনের আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৪ আসনের শাহীন আক্তার, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, ফেনী-২ আসনের নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, হবিগঞ্জ-১ আসনের গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ-২ আসনের আব্দুল মজিদ খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাহিদ ইজহার খান, শিরীন আহমেদ, জান্নাতুল বাকিয়া, আরমা দত্ত, রওশন আরা মান্নান, রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী, বরিশাল-৪ আসনের পঙ্কজ দেবনাথ, ঢাকা-২০ আসনের বেনজির আহমেদ, নেত্রকোণা-৩ আসনের অসীম কুমার উকিল, গাজীপুর-৫ আসনের মেহের আফরোজ চুমকি, সিরাজগঞ্জ-৪ আসনের তানভীর ইমাম, সংরক্ষিত মহিলা আসনের অ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির, টাঙ্গাইল-২ আসনের তানভীর হাসান ছোট মনির, রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী ও গাজীপুর-৪ আসনের সিমিন হোসেন রিমি।
১১ এপ্রিল, ২০২১।
