স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা সদরে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে তৃতীয় দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় ২৯ জনকে ১১ হাজার ৪শ’ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মানিক ও মঞ্জুরুল মোর্শেদ।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, লকডাউন বাস্তবায়নে তৃতীয় দিনের মতো চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজেদুর রহমান খানের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এনডিসি মেহেদী হাসান মানিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদসহ ৪০ জন ভলেন্টিয়ার, চাঁদপুর মডেল থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ, আনসার ব্যাটেলিয়ান সদস্যরা ভ্রাম্যমাণ অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু করে সদর উপজেলা পরিষদের সামনে, বিটি রোড, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, ওয়ারলেস মোড়, চেয়ারম্যান ঘাট এলাকায় কোর্ট পরিচালনা করেন এনডিসি মেহেদী হাসান মানিক। মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ মামলায় ৫ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অপরদিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ অধীনে পৌরসভার সামনের মার্কেট, স্ট্র্যান্ড রোড ও কাঠ ব্যবসায়ী ১৫ জনকে ৫ হাজার ৬শ’ টাকা সতর্কতামূলক অর্থদণ্ড করা হয়।
করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে ও চাঁদপুরবাসীর সুরক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
১৩ মে, ২০২০।
