চাঁদপুরে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের অভিযান

জেলা প্রশাসনের উপহার ও বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে একযোগে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের লক্ষ্যে জেলা প্রশাসন ঝটিকা অভিযান করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে ঐ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা হলো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঔষুধ, কাচামালের দোকান ও হোটেল ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তুকিছু অসাধু ব্যবসায়ী ঐ নির্দেশনা না মেনে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সে কারণে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান শুরু হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া করোনা আক্রান্তদের খোঁজ-খবর নিয়ে উপহার দিচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। ইতোমধ্যে বেশ কয়েকজন করোনা আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম, চাঁদপুর মডেল থানার এএসআই মো. সেলিম মিয়া-২, কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, আলমগীর গাজী, মালেক বেপারীসহ স্বেচ্ছাসেবী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেয়।
এদিকে চাঁদপুর শহরে আক্রান্তের সংখ্যা দিন-দিন বৃদ্ধির ফলে করোনা প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আক্রান্তদের বাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার প্রদান ও তাদের বাড়ি লকডাউন করে দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের নিকটবর্তী সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে ৭নং ওয়ার্ড, শহরের গুয়াখোলা রোড ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কে ৩ করোনা রোগীর বাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী দেয়া হয়।
জেলা প্রশাসন নিয়োজিত স্বেচ্ছাসেবী ওমর ফারুক, জাহিদুল হক মিলন, এমএ কুদ্দুস রোকন, শাহরিয়া পলাশ ও শাহ আলম খান এসব উপহার সামগ্রী পৌঁছে দেন।

১৮ জুন, ২০২০।