চাঁদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে

স্টাফ রিপোর্টার
সোমবার (১৭ জুলাই) চাঁদপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করলো শহরের গণি আদর্শ উচ্চ বিদ্যালয় ও নতুন বাজার দ্বারকানাথ (ডিএন) হাই স্কুল। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হয়েছে। অথচ বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ দিনের জন্য গ্রীষ্মকালীন ছুটি। গ্রীষ্মকালীন ছুটির ৪দিন আগে থেকে স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলন নিয়ে পুরো শহরে বইছে সমালোচনা ঝড়।
জানা যায়, শুক্রবার ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সারাদেশে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ১৬ জুলাই (রোববার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলন করার ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। সেই আলোকে চাঁদপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে। চাঁদপুর শহরের ২/৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলনে করলেও অন্যান্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানসহ সব কার্যক্রম ছিলো স্বাভাবিক। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলানোর আন্দোলন যেমন অভিভাবক ও সচেতন মহলের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় তেমনি শিক্ষকদের ছিলো দ্বিমত।
শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখাযায়, চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয় ও ডিএন দ্বারকানাথ হাই স্কুলে তালা ঝুলানো কর্মসূচী পালন করে। গণি আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও দশম শ্রেণির অভিভাবকদের নিয়ে হয় সভা ও দশম শ্রেণির ফলাফল বিতরণ করতে দেখা যায়। অপরদিকে নতুন বাজার ডিএন দ্বারকানাথ হাই স্কুলে অফিস রুম ছাড়া পাঠদান ও সব কার্যক্রম বন্ধ ছিলো। শহরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান যেমন- আল আমিন একাডেমি, আক্কাছ আলী রেলওয়ে একাডেমী, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, লেডীপ্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, বাবুরহাট উচ্চ বিদ্যালয়, শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়, হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয়, পীর মহসিন উচ্চ বিদ্যালয়, খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, বহরিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, এম এম নূরুল হক উচ্চ বিদ্যালয়, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়সহ প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবেই হয়েছে।
আক্কাছ আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন জানান, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি শতভাগ যৌক্তিক দাবি। তাদের দাবির সাথে আমরা একমত পোষণ করলাম। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলনের সাথে একমত হতে পারছি না, কারণ ২০ জুলাই থেকে সারাদেশে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে। এরমধ্যে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলসহ বেশ কিছু কার্যক্রম আছে।
লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি শতভাগ যৌক্তিক দাবি। তাদের দাবির সাথে আমরাও আছি। শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলনটি ঠিক হয়নি।
চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান বাবুল বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে কর্মসূচির বিষয় আমি কিছু জানি না। তবে এ বিষয়ে নিউজ করা দরকার নেই।
এ বিষয়ে গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. আব্বাস উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি কোন কথা বলেননি। উল্টো সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

১৮ জুলাই, ২০২৩।