হাজীগঞ্জে মেজর রফিকের বিভিন্ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করেছি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। সোমবার (১৭ জুলাই) তিনি উপজেলার অলিপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, উত্তর অলিপুর সৈয়দ আহম্মেদ (কৈয়ারপুল-উটতলী সড়ক) টু অলিপুর বাজার মিরবাড়ী সড়ক উন্নয়ন ও টংগিরপাড় উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অলিপুর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থ তলার উর্ধ্বমূখী সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি বলেন, আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে এ পর্যন্ত হাজীগঞ্জ ও শাহরাস্তি নির্বাচনী এলাকায় প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। আরো কিছু কাজ বাকি আছে, তা ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।
তিনি বলেন, দুই উপজেলায় ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু নির্মাণ, দুইটি প্রক্রিয়াধীন এবং নতুন করে আরো দুইটি সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠিয়েছি। যা এক নির্বাচনী এলাকায় এবং একটি নদীর উপর এতগুলো সেতু দেশের কোথাও নেই। দুই উপজেলায় প্রায় ৮’শ কিলোমিটার কাঁচাসড়ক পাকাকরণ, প্রায় ৭’শ ব্রীজ-কালর্ভাট নির্মাণ, প্রায় ৭’শ নতুন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা হয়েছে, আরো বেশ কাজ কিছু চলমান ও প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন বলেই, এসব উন্নয়ন কাজ সম্ভব হয়েছে উল্লেখ করে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম আরো বলেন, এর পূর্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো। তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। দেশে জন্য এবং আপনাদের জন্য তারা কোন কাজ করেনি। যার ফলে তাদের উপর মানুষের আস্থা নেই। আসন্ন সংসদ নির্বাচনে জনগণ তাদের বয়কট করবে।
ম্যানেজিং কমিটির সভাপতি জাবেদ ইকবাল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য হাজি মো. জসিম উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, সদর পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক খাঁন, সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন ও শিক্ষকদের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আব্দুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন শ্রাবন্তী রানী শীল। প্রধান অতিথি আগমন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন, তাছবিয়া আক্তার তুলি। সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ ও উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান।
এসময় অতিথি হিসাবে উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর উপজেলার অলিপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, উত্তর অলিপুর সৈয়দ আহম্মেদ (কৈয়ারপুল-উটতলী সড়ক) টু অলিপুর বাজার মিরবাড়ী সড়ক উন্নয়ন ও টংগিরপাড় উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।

১৮ জুলাই, ২০২৩।