চাঁদপুরে সঞ্চয় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বেশি করে সঞ্চয় করতে সবাইকে উৎসাহী করতে হবে
……….ভারপ্রাপ্ত জেলা প্রশাসক



সজীব খান
‘অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে সপ্তাহব্যাপী সঞ্চয় ২০২০ এর র‌্যালির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউজ থেকে র‌্যালি বের হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র‌্যালির আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আজকের সঞ্চয় আগামি দিনের ভবিষ্যৎ, সঞ্চয় করলে দুর্দিনে কাজে লাগে। নিজের উপার্জন থেকে অপচয় না করে কিছুটা সঞ্চয় করলে জীবনের মঙ্গল বয়ে আনে। তাই অপচয় বন্ধ করে কিছু সঞ্চয় করলে নিজের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে আসবে। সঞ্চয় কখনো বৃথা যায় না, কোন না কোনভাবে সঞ্চয় কাজে লাগে, তাই সঞ্চয় করার জন্য সবাইকে উৎসাহ করতে হবে। সঞ্চয় ব্যুরো অফিসে সঞ্চয় করলে শতভাগ স্বচ্ছ ও নিশ্চিয়তা রয়েছে। এখানে কোন প্রকার হয়রানি হওয়ার সুযোগ নেই। কারণ রাষ্ট্রায়ত্ব এ সঞ্চয় ব্যুরো। এখানে শতভাগ টাকা নিশ্চয়তা রয়েছে।
তিনি আরো বলেন, সঞ্চয় করার কোন বয়স নেই। যে কোন বয়স থেকেই সঞ্চয় করা যায়, প্রতিনিয়তই আমরা অপ্রয়োজনে বিভিন্ন ভাবে টাকা খরচ করি, সে অপচয় বন্ধ করে সঞ্চয় করলে কয়েক বছরে মোটা অংশ গিয়ে দাঁড়াবে। সঞ্চয় দেশ ও জাতির খুব দ্রুত পরিবর্তন করতে পারে। ১৯৪৩ সালে ভারতের সীমলায় ন্যাশনাল সেভিংস অর্গানাইজেশান প্রতিষ্ঠার মাধ্যমে এ সঞ্চয় এর উৎপত্তি হয়। ব্রিটিশ শাসনামল অবসানের পর এ দপ্তরটি সেন্ট্রাল ডাইরেক্টেরেট অব ন্যাশনাল সেভিংস নাম ধারণ করে। তারই ধারাবাহিকতায় ১৯৭১ সালে স্বাধীনতার পর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দপ্তরটিকে জাতীয় সঞ্চয় পরিদপ্তর হিসেবে প্রতিষ্ঠা করে। তাই সঞ্চয় ব্যুরোতে বেশি বেশি করে সঞ্চয় করার জন্য সবাইকে উৎসাহ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুরে সঞ্চয় ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, জেলা সঞ্চয় অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সঞ্চয় ব্যুরোর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার মো. হেলাল উদ্দিন, অফিস সহায়ক মো. কামাল হোসেন চৌধুরী, ডা. মো. ওমর ফারুকসহ আমন্ত্রিত অতিথি, ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, আইন-শৃঙ্খলা বাহিনী, স্কাউট দল, ছাত্র-ছাত্রীরা।