মতলব দক্ষিণে গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক শিশুর


মাহ্ফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের ‘মতলব সেতু’ সংলগ্ন সড়কে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায়। মো. সিফাত নামের সাত বছরের একটি শিশু সড়কের পাশে বসে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। আচমকা পেছন থেকে ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে সড়কের উপর ফেলে দেয়। এতে সিফাতের মাথা ও ঘাড় গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় সিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিফাতের বাড়ি উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে। সে ওই গ্রামের মো. কালাম বেপারির ছেলে। সিফাত শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং সেখান থেকে ওই গাড়ির চালক মো. সুমন আহম্মেদকে আটক করা হয়েছে। জব্দ করা হয় গাড়িটি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।