চাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ইভিএম’র মাধ্যমে দেশের গণতন্ত্র ধ্বংসের সম্ভাবনা
…………ড. রেজা কিবরিয়া



স্টাফ রিপোর্টার
গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, নির্বাচনে ইভিএম পদ্ধতির ব্যবহার দেশের গণতন্ত্র ধ্বংস করার সম্ভাবনা রয়েছে। গত শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে গণফোরামের কর্মী সমাবেশে উপস্থিত হয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কিবরিয়া বলেন, ইভিএম হলো ‘ইলেক্ট্রনিক ভোট ফ্রড (ইভিএফ)। বাংলাদেশের সকল মানুষ বুঝতে পারছে কোন সৎ উদ্দেশ্য নিয়ে এই পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে না। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। বিশে^র উন্নত দেশগুলো আজ ইভিএম পদ্ধতি ব্যবহার করে দেখেছে এই পদ্ধতিতে মানুষের আসল গণতন্ত্র ধ্বংস হতে পারে। তাই তারা এই পদ্ধতিতে ভোটগ্রহণ করা থেকে বিরত থাকছে। ভোট নিয়ে মানুষের মনে কোন আপত্তি বা সন্দেহ থাকলেও এই পদ্ধতিতে চেক করার কোন সুযোগ থাকে না।
চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি, অ্যাড. মহসিন রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসানউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, মির্জা জাকির, লক্ষন চন্দ্র সুত্রধর, প্রচার সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, শওকত আলী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর জেলা ফটো র্জানালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের প্রমুখ।
এ সময় চাঁদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং স্থানীয় দৈনিক পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।