চাঁদপুরে সিএনজি শ্রমিক নেতা রিপন আটক

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা সিএনজি, অটো রিক্সা, টেক্সি কার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কথিত সভাপতি দাবিদার মো. রিপন হোসেন বেপারিকে আটক করেছে নতুন বাজার পুলিশ ফাঁড়ি। সোমবার (২৪ মে) দুপুরে শহরের রেলস্টেশন এলাকা থেকে নতুন বাজার ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন তাকে আটক করেন।
বিতর্কিত রিপন হোসেনের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। এর আগে সে ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়। সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে দ্বন্দ্বের ঘটনায় গত ৪ মে দুপুরে সভাপতি কাজী শাহরিয়ার হোসেন ওমর ফারুকে রাস্তায় পেয়ে বেদম মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। এই ঘটনায় ওমর ফরুক বাদী হয়ে সামসুল গাজীর ছেলে রুবেল গাজী, শহিদুল্লাহ বেপারী ছেলে মাদক সম্রাট রিপন হোসেন বেপারী ও আবুল কালাম ভুট্টুকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অবশেষে সেই মামলার পলাতক আসামি রিপন হোসেন বেপারী আটক করতে সক্ষম হয় পুলিশ।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন জানান, চাঁদপুর জেলা সিত্রনজি, অটো রিক্সা, টেক্সি কার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি কাজি শাহরিয়ার হোসেন ওমর ফারুকের দায়েরকৃত সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টায় গত মে ২২ রিপনকে ২নং আসামি করে মোট ৩ জনের নাম তালিকা করে মামলা দায়ের করেন। সেই মামলায় শহরের কালি বাড়ি রেলস্টেশন থেকে পুলিশ তাকে আটক করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে মাদক সম্রাট রিপন হোসেনের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর সে বেশ কয়েকদিন গাঢাকা দেয়। আবারো সে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা পরিচয় দিয়ে মাদকসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যায়। তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

২৫ মে, ২০২১।