স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যে গত ৯ এপ্রিল থেকে চাঁদপুর জেলা লকডাউন করা হয়েছে। যার ফলে চিকিৎসার সাথে জড়িত অনেক প্রতিষ্ঠানে সাধারণ মানুষ চিকিৎসা সেবা নিতে পারছেন না। ঠিক এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে এসেছে চিকিৎসা বঞ্চিত এসব মানুষের পাশে।
গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা এরিয়ার ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় ৩ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে দুইজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। একই সাথে এসব সেবাগ্রহণকারী রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
চিকিৎসা সেবা প্রদান করেন সেনাবাহিনীর মেডিকেল টীমের সিও লে. কর্নেল ডা. নাজমুল ও ক্যাপ্টেন ডা. আয়েশা।
ডা. আয়েশা বলেন, সেনাবাহিনী সব সময় দুর্যোগকালীন সময়ে জরুরিভিত্তিতে মানুষকে সেবা দিয়ে থাকে। সেই আলোকে দেশের এই দুর্যোগ মুহূর্তে ৬টি জেলায় একই সাথে প্রাথমিক ও জরুরি চিকৎসা সেবা প্রদান করছেন।
ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্যাপ্টেন তুহিন। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সারাদেশে মেডিকেল সেবায় নিয়োজিত আছে। চাঁদপুর সদরে আজ সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থ মানুষদের মেডিকেল সেবা ও বিনামূল্যে ঔষধ দিয়েছি।
১০ মে, ২০২০।
