
স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য চাঁদপুরে আসা সেনাবাহিনীর একটি অগ্রগামী টিম। গতকাল মঙ্গলবার তাদের সাথে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের অফিস কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, মেজর খায়ের, সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়াসহ সেনাবাহিনীর ৪ জন ক্যাপ্টেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সেনাবাহিনীর অগ্রগামী টিম জেলা প্রশাসকের সাথে চাঁদপুরের সার্বিক অবস্থা জেনেছেন। আজ বুধবার তারা আনুষ্ঠানিকভাবে চাঁদপুর জেলা প্রশাসনের করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কাজে সহযোগিতা করবেন।
উল্লেখ্য, গত সোমবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক বিষয় হিসেবে মঙ্গলবার থেকে মাঠে নেমেছে সশস্ত্রবাহিনী। জেলা ম্যাজিস্ট্রেটকে সহায়তার জন্য তারা নিয়োজিত থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, ২৬ মার্চ সরকারি ছুটি এর সঙ্গে ২৭-২৮ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। ৩-৪ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজারসব খোলা থাকবে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। বাংলাদেশে সর্বশেষ পাওয়া তথ্য মতে ৪ জন এ রোগে মৃত্যুবরণ করেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন।
