চাঁদপুরে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ানে প্রধান অতিথি হিসেবে দাবা খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ হওয়ার উৎসহ করতে হবে। বিভিন্নভাবে সময় নষ্ট না করে খেলাধুলায় থাকলে শিক্ষার্থীদের মন-মানসিকতার বিকাশ ঘটবে।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী মোবাইলে আশক্তি হয়ে পড়েছে, জীবনের মূল্যবান সময় নষ্ট করছে। তাদের এভাবে মোবাইলে আশক্তি না হয়ে লেখাপড়া শেষে খেলাধুলায় সময় কাটালে জীবনের চাকা বদলে যাবে। বর্তমানে খেলাধুলা করে জীবন প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ রয়েছে। এ সুযোগ নিতে চাইলে ভালমানের খেলোয়াড় হতে হবে। বর্তমান বিশ্বে খেলাধুলার মাধ্যমে তাড়াতাড়ি নিজেকে পরিচিতি করা সম্ভব রয়েছে, শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা নিতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা মোবাইল আশক্তি, মাদকের নেশাসহ বিভিন্ন নেশা থেকে বিরত থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করতে পারলে সমাজের ভাল দিকগুলো সামনে চলে আসবে।
পুলিশ সুপার মো. মিলন মাহমুদের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, দাবা উপ-কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, ডিআইও-১ মনিরুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য রোটা. সুভাষ চন্দ্র রায়, রোটা. তমাল কুমার ঘোষ প্রমুখ।

২৪ আগস্ট, ২০২২।