মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজী
গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম পরিদর্শনে গিয়ে উচ্চতর গণিত পড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তিনি পৌরসভাধীন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাঠ্যবই ‘উচ্চতর গণিত’ পড়ান।
সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসাবে এদিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম হঠাৎ করে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। এসময় তিনি দশম শ্রেণির একটি ক্লাস নেন। ছাত্রীরাও তাঁর হাতে-কলমে শিক্ষা দেখে আনন্দে উল্লাসিত হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদ্যালয়ের প্রতিটি ক্লাসের ছাত্রীদের পড়াশুনার বিষয়ে খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং সহ অন্যান্য সামাজিক অপরাধ বিষয়ে ছাত্রীদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
এদিকে ইউএনও মো. রাশেদুল ইসলামের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা। পরে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিষয়ে জেনে এবং পড়ালেখা ও শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধিতে মতবিনিময় করেন।
২৪ আগস্ট, ২০২২।
