চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায় অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত

শাহ আলম খান
চাঁদপুর শহরে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় কারণে ১৫ জনকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২১ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ও ছামিউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় ৬ জনকে ৭ হাজার টাকা জরিমানা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করে মাস্ক ব্যবহার করতে বলা হয়।
তিনি ডিসি অফিসের সামনে থেকে শুরু করে চেয়ারম্যান ঘাট, ষোলঘর, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, ওয়াবদা গেট, ওয়ারলেস মোড়, ওয়ারলেস বাজারের ভিতরে, পলিটেকনিকেল ইনস্টিটিউট সামনে, মঠখোলা, জেলা পরিষদের সামনে বাবুরহাট স্কুল এন্ড কলেজের সামনে, বাবুরহাট বাজারের ভিতরে, মতলব রোডে, পেন্নাই সড়ক হয়ে পুনরায় ওয়ারলেস মোড়, চক্ষু হাসপাতালের সামনে, পুরাতন বাস স্ট্যান্ড, স্টেডিয়াম রোড, বঙ্গবন্ধু রোড, নিউ খান সড়কের সামনে, মিশন রোড শাহী জামে মসজিদের সামনে এসে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষ করেন।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম জানান, চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় ৯ জনকে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করে মাস্ক ব্যবহার করতে বলা হয়।
তিনি ডিসি অফিসের সামনে থেকে শুরু করে, চক্ষু হাসপাতাল সামনে, মাদ্রাসা রোড, মুন্সি বাড়ির সামনে, স্টেডিয়াম রোড, ফায়ার সার্ভিসের সামনে, দর্জি ঘাট, বঙ্গবন্ধু সড়ক, মিশন রোড, হকার্স মার্কেট, শপথ চত্বর, বড় স্টেশন, পৌর সুপার মার্কেটের সামনে, পুরাণবাজার ব্রিজের উপর, পুরাণবাজার হয়ে পুনরায় হকাস মার্কেট, শহীদ মিনারের সামনে, মাতৃপীঠ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং মিশন রোড শাহী জামে মসজিদের সামনে এসে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষ করেন।
এ সময় মাস্কবিহীন দরিদ্র মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সহযোগিতা করেন আনসার, স্বেচ্ছাসেবক ও সাংবাদিকবৃন্দ।

২১ জুন, ২০২০।