চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরে কাভার্ড ভ্যান ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ঐ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাস স্টেশনের ইলিশ চত্বর এলাকায়।
জানা যায়, দুপুর পৌনে ৩টায় রাফি পরিবহন নামের একটি অটোবাইক যাত্রী নিয়ে শহরের দিকে আসছিলো। এসময় ঔষধ কোম্পানি ইনসেপটা ফার্মাসিউটিক্যালের কাভার্ড ভ্যানের সাথে অটোবাইকটির ইলিশ চত্বরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
সংঘর্ষে অটোচালক পুরাণবাজার পূর্ব শ্রীরামদীর নয়ন খাঁ ও যাত্রী খলিশাডুলি গাজী বাড়ির মৃত জব্বার গাজীর ছেলে মো. বাদশা গাজী (৮৫) এবং অপর একজন যাত্রী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। বিকাল পৌনে ৪টার দিকে বাদশা গাজী মারা যান।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. ফারুক আহমেদ হাসপাতাল থেকে বাদশা গাজীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানীর কাভার্ড ভ্যান চালক রুবেল মোল্লাকে আটক করেছে পুলিশ।
পরে সড়ক দুর্ঘটনায় মৃত বাদশা গাজীর দাফনের জন্য ঔষধ কোম্পানীর পক্ষ থেকে ৩ লাখ টাকা প্রদান করা হয়। তাছাড়া ক্ষতিগ্রস্ত অটোবাইক ও আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে বলে কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়েছে।
১৯ জুলাই, ২০২০।