সাইফুল ইসলাম
চাঁদপুরে হরিণা নৌ ফাঁড়ির ইনচার্জ নাসিমের নেতৃত্বে অভিযানে স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত সোমবার জেলার আলোচিত এলাকা হরিণাঘাট নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ১ কোটি ২ লাখ মিটারেরও বেশি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ৬ জন অসাধু জেলেকে আটক করা হয়। সোমবার বিকাল থেকে এ অভিযান শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয়। জব্দকৃত কারেন্টজালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, হরিণার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোহাম্মদ নাসিম হোসেনের নেতৃত্বে লক্ষীপুর মডেল ইউনিয়নের লক্ষীপুর ঘাট থেকে জাটকা ইলিশ নিধনকালে বিশেষ অভিযানকালে ১ কোটি ২ লাখ মিটার কারেন্ট জাল ও একটি নৌকাসহ ৬ জেলে আটক করে হরিণা নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ।
অভিযান শেষে চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার কামরুজ্জামান ও মৎস্য কর্মকর্তার নির্দেশে হরিণা নৌ-পুলিশ ফাঁড়ি সম্মুখের মাঠে জব্দকৃত ১ কোটি ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।
এদিকে আটক ৬ আসামির বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে মামলা করা হয়েছে।
২৮ এপ্রিল, ২০২১।
