চাঁদপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার
মোদী বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে ৭ জন তৌহিদী জনতাকে শহীদ ও নিরস্ত্র মুসল্লিদের উপর পুলিশী হামলার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল বাস্তবায়নে চাঁদপুর শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হেফাজতে ইসলাম। গতকাল শনিবার বিকালে শহরের শপথ চত্বরে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা হেফাজতের সভাপতি মাও. লিয়াকত হোসাইন।
চাঁদপুর জেলা হেফাজতের সাধারণ সম্পাদক এসএম আনওয়ারুল করিমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা হেফাজতে সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মুফতি মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, মাও. ইদ্রিস, মাও. হাবিবুর রহমান, মাও. আবুল হাসনাত, মাও. কবির আহমেদ ও মাও. আশেকে এলাহী।
বক্তারা বলেন, এদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, হযরত শাহজালালের। কিন্তু স্বাধীনতা দিবসে একজন খুনীকে প্রধান অতিথি হিসেবে দেশে আনা হয়েছে। বাংলার তৌহিদী জনতা কখনো তা মেনে নিতে পারে না। ভারত যতই শক্তিশালী হোক না কেন তৌহিদী জনতার কাছে ভারত কিছুই না। আমাদের শাহাদৎবরণের প্রস্তুতি থাকতে হবে। শুক্রবার ৭ জন শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। এদের প্রতিটি রক্তের ফোটা আমাদের বিজয় আনবেই। যখন সুবর্ণ জয়ন্তী উদযাপন করবো তখন আমাদের বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে। গতকালের ঘটনায় যে ৭টি তাজা প্রাণ শেষ হয়ে গেল তিনি কি সেই স্বজন হারানোর ব্যাথা বুঝতে পেরেছেন। মোদী বিরোধী শান্তিপূর্ণ সমাবেশ আমাদের পুলিশ ভাইয়েরা গুলি ছুড়লো, তারা আমাদের পুলিশ হতে পারে না। তারা ভিন্নদেশের পুলিশ। মুদি যদি সুবর্ণ জয়ন্তীতে আসতেন তাহলে শুধু মন্দির পরিদর্শন করতেন না মসজিদেও যেতেন, কিন্ত তিনি তা করেননি। সব ঈমানদার মুসলমান ভাইদের প্রতি আহ্বান- আপনারা আগামিকাল দোকানপাট ও যানবাহন বন্ধ রাখবেন।
২৮ মার্চ, ২০২১।