শওকত আলী
মা ইলিশ রক্ষায় নদীতে অভিযানের সময় চাঁদপুর নৌ থানার পুলিশ সদস্য লোকমান হোসেনের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে আহত করার ঘটনায় ৫ জেলের নাম উল্লেখ করে ১২০ জন অজ্ঞাত জেলের বিরুদ্ধে মামলা করেছে নৌ-থানার পুলিশ।
গতকাল রোববার দুপুরে পুলিশ চাঁদপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেন অভিযানে নেতৃত্ব দানকারী মো. মোরশেদ আলম। এজহারে নাম নির্দিষ্ট করা উল্লেখিত ৫ আসামি হচ্ছেন- সিদ্দিক বেপারী, ফজল দেওয়ান, রফিকুল দেওয়ান, সালমান দেওয়ান ও মকবুল দেওয়ান।
চাঁদপুর নৌ-থানা সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর ২টায় নৌ পুলিশের একটি দল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের নেতৃত্বে ল¹ীমারারচর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পদ্মা নদীতে মা ইলিশ নিধনকারী জেলেদেরকে ধাওয়া করে পুলিশ। ওই সময় ঘটনাস্থলে থাকা সংঘবদ্ধ জেলেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে পুলিশ সদস্য লোকমান হোসেন মারাত্মকভাবে আহত হয়। তাকে ঐ দিনই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
চাঁদপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, অভিযানের সময় জেলেরা পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্টজাল এবং ১৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
নৌ-থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছে। অভিযানে জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত মা ইলিশ মৎস্য কর্মকর্তার মাধ্যমে কোল্ড স্টোরেজে পাঠানো হয়েছে।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে ১২০ জেলের বিরুদ্ধে মামলা
