শাহ্ আলম খান
চাঁদপুরে সমাজসেবা অধিদফতরের ২০২০-২১ অর্থবছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অপেক্ষমান তালিকায় অন্তর্ভুক্ত ১৩ জন রোগীকে সর্বমোট ৬ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। এছাড়া ২০১৯-২০ অর্থ বছর এবং চলতি অর্থ বছরের ১৩ জনসহ জেলায় সর্বমোট ৪২৯ জনকে ২ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের মাধ্যমে ১৩জন রোগীকে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অলিদুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মনিরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীরা হলেন- মো. আরিফুর রহমান সুমন, জামাল খান, সফিক খাঁন, মোহাম্মদ আলী শেখ, রেহানা বেগম, মো. মহসিন ঢালী, মোসা. মরিয়ম বেগম, রৌশন আরা বেগম, মো. আনোয়ার হোসেন, রেহানা আক্তার, হালিমা, মো. কামাল হোসেন পাটওয়ারী ও সুবল চন্দ্র দাস।
১৭ নভেম্বর, ২০২০।
