হাজীগঞ্জ পৌরসভায় বিট পুলিশিং সমাবেশ

 

বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া হবে
…….অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই শ্লোগানে হাজীগঞ্জ পৌরসভাধীন এলাকায় ৩নং বিট পুলিশিংয়ের (পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকালে পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন। সমাবেশে উপস্থিতির প্রশংসা করে তিনি বলেন, আজকের এই সমাবেশ জনসাধারণের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে আপনারা মাদকসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে আপনারা সোচ্ছার। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিংসহ কোথাও কোন ধরনের অপরাধের আশংকা দেখা দিলে বা অপরাধ সংঘটিত হলে আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না। আমাদের তথ্য দিন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণ করবো এবং অপরাধী যেই হোক, আমরা কাউকে ছাড় দিবো না। এ ক্ষেত্রে তথ্য দাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
উপস্থিতির দৃষ্টি আকর্ষণ করে আফজাল হোসেন বলেন, থানার ওসি তার বক্তব্যে উল্লেখ করেছেন, পুলিশি সেবা পেতে কোন টাকা লাগে না। কথাটা সত্য, পুলিশে অর্থের বিনিময়ে সেবা দেয়া বন্ধ হয়েছে। বাংলাদেশ পুলিশ, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া হবে এবং বিট কর্মকর্তা বাড়ি বাড়ি গিয়ে সেই সেবা দিবে। এখন, শুধুমাত্র আপনাদের সহযোগিতা প্রয়োজন।
পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এমরান হোসেন মুন্সীর সভাপতিত্বে এবং মনির হোসেন ভূঁইয়ার পরিচালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ওসি মো. আলমগীর হোসেন রনি, ৩নং বিট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও থানার এসআই মো. ইউনুছ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মুরাদ হোসেন মিরন, ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের কোষাধ্যক্ষ মহিউদ্দিন মাইনু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন বতু, কাজী কবির হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাজী মনির হোসেন মিরন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোস্তফা কামাল, ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী সেলিম, ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জহিরুল হক বাবুল ও সাধারণ সম্পাদক কাজী সোহাগ, ৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ তিন ওয়ার্ড থেকে কয়েক শতাধিক এলাকাবাসী।
১৭ নভেম্বর, ২০২০।