পুরাণবাজার পুলিশ ফাঁড়ির অভিযান
স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ১ হাজার জাটকা জব্দ করা হয়েছে। গত রোববার (৭ মার্চ) গভীর রাতে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার মেঘনা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় ৭টি ড্রামে প্রায় ১ হাজার কেজি জাটকা উদ্ধার করে। এসময় জাটকাগুলোর মালিক পক্ষের কাউকে খুজে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পরে পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ও মৎস কর্মকর্তার উপস্থিতিতে জাটকা মাছগুলো স্থানীয় এতিমখানা, লিল্লাহ বোডিং ও গরিবদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।
এ ব্যাপারে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, রোববার রাত ৩টায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে বহরিয়া এলাকায় অভিযান চালাই। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বহরিয়া বাজার এলাকার মেঘনা নদীর পাড়ে অভিযান চালালে পরিত্যাক্ত অবস্থায় ৭টি ড্রামে ১ হাজার কেজি জাটকা জব্দ করি। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
০৯ মার্চ, ২০২১।
