চাঁদপুরে ২ হাজার ছাড়ালো করোনা আক্রান্ত

এস এম সোহেল
চাঁদপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। রোববার (১৬ আগস্ট) পর্যন্ত চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ৭৫ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার ৪৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৪টি পজেটিভ, বাকি ৩২টি নেগেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১০জন ও ফরিদগঞ্জে ৪জন।
জেলায় ২,০০৭ জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে- চাঁদপুর সদরে ৮শ’ ১জন, ফরিদগঞ্জে ২শ’ ৩৩জন, মতলব দক্ষিণে ২শ’ ১২জন, শাহরাস্তিতে ১শ’ ৯৯জন, হাজীগঞ্জে ১শ’ ৮৭জন, মতলব উত্তরে ১শ’ ৬৭জন, হাইমচরে ১শ’ ২৯জন এবং কচুয়ায় ৭৯জন।
চাঁদপুর জেলায় করোনায় মৃত ৭৫জনের মধ্যে- চাঁদপুর সদরে ২১জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১০জন, মতলব উত্তরে ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬ জন, মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।
চাঁদপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মাহমুদুন্নবী মাসুম জানান, মহামারি করোনার সময় আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিজেরা সচেতন না হলে করোনার প্রভাব আরো বেড়ে যাবে। তাই স্বেচ্ছায় নিজেদের সচেতনতার বিকল্প নেই। গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অমান্য, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত রোগীরা বাইরে ঘোরাঘুরির কারণে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। সবাইকে ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে এগিয়ে আসতে হবে। একটি নিরাপদ চাঁদপুর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, এখন পর্যন্ত মোট ৭ হাজার ৮শ’ ২২টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৭ হাজার ৭শ’ ৭৬টি। এর মধ্যে ২ হাজার ৭টি পজেটিভ এবং ৫ হাজার ৭শ’ ৬৯টি নেগেটিভ। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৫ জন। রিপোর্ট অপেক্ষমান ৪৬টি।
তিনি আরো জানান, গতকাল রোববার পর্যন্ত জেলায় আক্রান্ত ২০০৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫শ’ ২১জন। চিকিৎসাধীন আছেন ৪শ’ ১১জন। এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭শ’ ৪৮জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৭শ’ ২২জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ২৬ জন।
এছাড়া জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১১ হাজার ২শ’ ৮৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৩শ’ ৫৯জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৯শ’ ৩০জন। সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সতর্কতার সাথে চলাচলের অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
১৭ আগস্ট, ২০২০।