চাঁদপুরে ৪ দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
সারাদেশের মতো চাঁদপুরেও ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সদর উপজেলার মধ্য তরপুরচন্ডী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানো মধ্যে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন প্রমুখ।
অপরদিকে সকালে চাঁদপুর শহরের কালীবাড়ি মোড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, কাউন্সিলর আয়শা রহমান ও টিকা সুপারভাইজার হানিফ গাজীসহ আরো অনেকে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে চাঁদপুর জেলায় এ বছর ৩ লাখ ২০ হাজার ৮শ’ ২৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হবে। চাঁদপুর জেলার ৮ টি উপজেলা এবং ২টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৬ হাজার ২শ’ ৩০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১০০০০০ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৪ হাজার ৫শ’ ৯৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২০০০০০ আইইউ) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় ২ হাজার ২শ’ ৩৫টি কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ৫শ’ ৬৩ জন স্বাস্থ্যকর্মী এবং পরিবার-পরিকল্পনা বিভাগের ৪শ’ ৮০ জন কর্মীসহ মোট ১ হাজার ৪৩ জন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে।

১২ ডিসেম্বর, ২০২১।