চাঁদপুরে ৬শ’ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামে মজুমদার-রাবেয়া মতিন ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় ৬শ’ দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে সাপদী মহিলা মাদ্ররাসা মাঠে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ নাসির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার পেছনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যাতে উন্নত জীবনযাপন করতে পারি প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে ভালো কাজ করবো, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখব। তিনি আরো বলেন, অনেকের ধন সম্পদ আছে, কিন্তু মানুষের জন্য কিছু করার মানসিকতা নেই। এই দৃষ্টিকোণ থেকে এই সাপদী গ্রামের কৃতিসন্তান বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি টিভি চ্যানেল ’চ্যানেল আইয়ে’র ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুকিত মজুমদার বাবুর বাড়ি এখানে। প্রতিবছর এ এলাকার অসহায় মানুষের জন্য তারা তাদের মা-বাবার নামে মজুমদার রাবেয়া-মতিন ফাউন্ডেশনের মাধ্যমে সাহায্য সহযোগিতা করে আসছে। এবার শীতের শুরুতে অসহায় মানুষের হাতে শীত নিবারণের জন্য কম্বল তুলে দিয়েছে। তাদের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। আমার পক্ষ থেকে ফাউন্ডেশন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। তিনি বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আমরা যদি প্রত্যেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের এই সমাজ আরো উন্নত হবে।তাই প্রত্যেক সামর্থ্যবানদের মজুমদার রাবেয়া মতিন ফাউন্ডেশনের মত এগিয়ে আসার আহ্বান জানান।
বালিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জাকির হোসেন বহরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপদী মহিলা মাদ্রাসা সুপার মাওলানা ফরিদ আহমেদ, স্থানীয় আলোর একাডেমির পরিচালক পিএম আনোয়ার হোসেন বাবলু।

১২ ডিসেম্বর, ২০২১।