শাহ্ আলম খান
চাঁদপুরে এই প্রথম ব্যতিক্রমী কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে কাউকে জেলে যেতে হয়নি, তাদের যেতে হয়েছে এক ঘণ্টার প্রতীকি জেলে। এক ঘণ্টার ব্যতিক্রমী কারাদণ্ডপ্রাপ্তদের মাস্ক পড়ার বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে ধারণা দেওয়া হয়। এসব দেখার পর দণ্ডপ্রাপ্তরা প্রতিশ্রুতি দিয়েছেন নিজেরা মাস্ক পড়বেন এবং অন্যদের মাস্ক পড়তে উৎসাহিত করবেন। ব্যতিক্রমী এই দণ্ড দেয়া হয়েছে চাঁদপুর জেলা শহরে।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৮১ জনকে মাস্কবিহীন অবস্থায় আটক করা হয়। এরপর তাদের নেয়া হয় স্টেডিয়ামের হলরুমের প্রতীকি জেলে। সেখানে তাদের প্রজেক্টরের মাধ্যমে মাস্ক পড়ার নিয়ম ভিডিও’র মাধ্যমে দেখানো হয়।
করোনার শুরু থেকেই চাঁদপুর জেলা প্রশাসনের ব্যতিক্রমী সব উদ্যোগ মানুষের মন জয় করেছে। আজকের এ উদ্যোগও সব মহলে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। পুলিশ বাহিনীর সাথে জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক দলের শতাধিক সদস্য কাজ করছেন। প্রশাসনের এ উদ্যোগ অব্যাহত থাকলে করোনার চলমান ঢেউ হয়তো নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছেন সচেতন মহল।
করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাস্ক না পরে অযথা শহরে ঘুরাঘুরি জনসমাগমস্থলে চলা ফেরা করার কারণে পৃথক ২টি ভ্রাম্যমাণ আদালতে ৫২টি মামলায় ৮১ জনকে ৭ হাজার ৬শ’ ২০টাকা অর্থদণ্ড করা হয়েছে। ইলিশ চত্বর ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- মো. অলিদুজ্জামান ও ইমরান-মাহমুদ-ডালিম। ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান দৈনিক ইল্শেপাড়কে জানান, শতভাগ মাস্ক পরা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে মঙ্গলবার থেকে সাঁড়াশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আজ দু’টি গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। তবে গতকাল থেকে আজ একটু ভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে।
তিনি আরো বলেন, ভ্রাম্যমাণ আদালতে শুধুমাত্র আর্থিক জরিমানা নয়, এ সময় দণ্ডপ্রাপ্তদের একটি হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরার বিষয়ে ১ ঘণ্টার একটি ভিডিওচিত্র দেখানো হয়। এই ভিডিও দেখে অনেকেই মাস্ক পরার বিষয়ে উৎসাহিত হচ্ছে। পাশাপাশি তারা ওয়াদা করছে সব সময় নিজেরা মাস্ক পরবে এবং পরিবারের লোকদেরও পরার জন্য বলবে।
এদিকে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম ১৮ মামলায় ১৮ জনকে দুই হাজার ৬শ’ টাকা এবং ইলিশ চত্বরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান ৩৪ মামলায় ৬৩ জনকে ৫ হাজার ২০ টাকা জরিমানা করেন। ইলিশ চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত মনিটরিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অলিদুজ্জামান জানান, মাস্ক না পরায় স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্যানেল কোড ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক বিভিন্ন অংকে (৫০ টাকা হইতে ২০০ টাকা পর্যন্ত) ৫২টি মামলায় ৮১ জনকে ৭ হাজার ৬শ’ ২০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা।
১২ নভেম্বর, ২০২০।
