চাঁদপুরে ৮৯ নাম উল্লেখ করে ২শ’ জনের বিরুদ্ধে মামলা

পুলিশ ও স্বেচ্ছাসেবক দল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ আক্রান্ত ও বিষ্ফোরক আইনে ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৯ তাং-১১-৩-২০২২ইং। মামলার বাদী চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. শাজাহান।
এ ঘটনায় ৯ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটকদের মধ্যে খোকন, মুন্না, লিটন, বাদশা, বারেক, লিটন খান ব্যতীত বাকি ৩ জনের নাম পরিচয় সম্পর্কে জানা যায়নি।
সিসি ফুটেজ দেখে আসামীদের নাম অন্তর্ভুক্তি করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। মামলায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলকে প্রধান আসামী করা হয়েছে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রশিদ জানান, ৮৯জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে পুলিশ আক্রান্ত ও বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ মার্চ চাঁদপুরে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও পথচারীসহ প্রায় অর্ধশত আহত হয়েছে।

১৩ মার্চ, ২০২২।