চাঁদপুর অযাচক আশ্রমের মহারাজ সুখরঞ্জন ব্রহ্মচারীকে মন্দিরে সমাহিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারীকে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আশ্রমে ধর্মীয় বিধিমতে সমাধিত করা হয়েছে। গত রোববার বিকাল সাড়ে ৫টায় ঢাকা বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গতকাল সোমবার সকাল ৯টায় সুখরঞ্জন ব্রহ্মচারীর মরদেহ আশ্রমে আনা হলে শত শত নারী-পুরুষ ভক্তরা কান্নায় ভেঙ্গে পরেন। সুখরঞ্জন ব্রহ্মচারীর মরদেহ চাঁদপুরে আনা হলে অখণ্ড সংগঠনের ভক্তরা তাকে শেষবারের মতো এক নজর দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদপুর অযাচক আশ্রমে ছুটে আসেন। তাদের পরম গুরু সুখরঞ্জ ব্রহ্মচারীর মৃত্যু যেন স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিল না।
স্নান শেষে কবিরাজ সুখরঞ্জ ব্রহ্মচারীর মরদেহ ভক্তদের জন্য ছোট মঞ্চের উপর এনে রাখা হয়। তখন ভক্তরা অখণ্ড সমবেত প্রার্থনার মাধ্যমে তাকে শেষ বিদায় জানান। তার কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সাহিত্য একাডেমীর মহা-পরিচালক রোটা. কাজী শাহাদাতসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রোটা. তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রোটা. গোপাল চন্দ্র সাহা, মিরসাইল পূর্ব গোবিন্দপুর অখন্ডমন্ডলীর গোপাল চন্দ্র দেবনাথ, বিজয় দে, শংকর চন্দ্র দেবনাথ, জামালপুর অখন্ড সংগঠনের সুজন রায়, রবীন্দ্র দাস, চট্টগ্রাম উত্তর অখণ্ড সংগঠনের হৃদয় ভঞ্জন দে, নারায়নগঞ্জ অখণ্ড সংগঠনের প্রনব কুমার সাহা, মগবাজার অখণ্ড সংগঠনের পলাশ কুমার দাস, বাংলাদেশ অখন্ড সংগঠনের সুজিত রায়, তাপস কুমার সরকার, চাঁদপুর অখণ্ড সয়গঠনের সাধারন সম্পাদক ডি কে মৃণালসহ ভক্তবৃন্দ।
এ সময় সুখরঞ্জ ব্রহ্মচারীর মরদেহ শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে, সুজিত রায় নন্দীর পক্ষে, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা পূজা উদযাপন পরিষদ, কালিবাড়ি মন্দির, হরিবোলা সমিতি চাঁদপুর মহাশ্মশান, গোপাল জিউর আখড়া, হাজীগঞ্জ অখণ্ড সংগঠন, ইসকন, জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদ, দাসপাড়া কালি মন্দির, পুরাণবাজার জগন্নাথ মন্দির, অযাচক আশ্রম, চাঁদপুর অখণ্ড সংগঠন, সম্মিলিত অখণ্ড সংগঠন, রাধাকৃষ্ণ গোপাল মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। পরে সুখরঞ্জ ব্রহ্মচারীকে চাঁদপুর অযাচক আশ্রমেই সমাহিত করা হয়।
উল্লেখ্য, কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী এক মাস ধরে শ্বাস কষ্টজনিত রোগে ভোগছিলেন। চাঁদপুরে চিকিৎসা শেষে শুক্রবার অসুস্থ হয়ে পরলে দ্রুত তাকে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুখরঞ্জন ব্রহ্মচারীকে বারডেম হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ কবিরাজ সুখরঞ্জন ব্রহ্মচারী প্রায় ৩২ বছর ধরে চাঁদপুরে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।
২৯ সেপ্টেম্বর, ২০২০।