চাঁদপুর ২নং ওয়ার্ডে মেয়র প্রার্থী আক্তার মাঝির দিনব্যাপী গণসংযোগ ও পথসভা

স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার ২নং ওয়ার্ডে বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ২নং ওয়ার্ডের ঘোষপাড়া, মদিনা মসজিদ, নতুন রাস্তা, রনাঘোয়াল, ছৈয়াল বাড়ি, বউ বাজার, নতুন রাস্তা এলাকায় বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ মার্কা নিয়ে দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগ ও পথসভায় বিএনপির পৌর মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বিভিন্ন পথসভায় বলেন, কারো রক্তচক্ষুকে ভয় পাবেন না। জনগণের ভোটাধিকার আপনাদের নিজেদেরই ফিরিয়ে আনতে হবে। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন। আপনাদের ভোট কেন্দ্র যেতে হবে। ধানের শীষে ভোট প্রয়োগের মাধ্যমে এ সরকারের সব জুলুমের জবাব দিতে হবে।
তিনি আরো বলেন, সব ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এ নির্বাচনে অংশগ্রহণ করছি কারণ, আমরা এ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে আছি। ভোট বিপ্লাবের মাধ্যমে এ সরকারকে সমোচিত জবাব দিতে হবে। ২নং ওয়ার্ডে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি নির্বাচিত হলে অবহেলিত ২নং ওয়ার্ডে উন্নয়নে কাজ করবো।
বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝির গণসংযোগ ও পথসভা উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক কাদির বেপারী, সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী, সদর উপজো যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, বিএনপি নেতা শাহজালাল শেখ, ২নং ওয়ার্ড সভাপতি ফরিদ বেপারী, সাধারণ সম্পাদক তাছির বেপারী, জেলা ছাত্রদল নেতা জিয়াউর রহমান সোহাগ প্রমুখ।
২৯ সেপ্টেম্বর, ২০২০।