নবীনদের প্রভাবে দু’প্যানেলে ভাগাভাগি জয়ের সম্ভাবনা
ইলশেপাড় রিপোর্ট
আজ রোববার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনজীবী সমিতি মিলনায়তনে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আইনজীবী সমন্বয় পরিষদের ব্যনারে আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী ঐক্য পরিষদের ব্যনারে বিএনপি এ দু’টি প্যানেলের ৩০ জন প্রার্থী পরস্পর-পরস্পরের বিপরীতে নির্বাচনে লড়ছে।
আইনজীবী সমিতির আজেকের নির্বাচনে ৩শ’ ৩৭ জন তালিকাভুক্ত আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অতিসম্প্রতি ৩০ জনের অধিক তালিকাভুক্ত হওয়া নবীন আইনজীবীরা এবারের নির্বাচনে প্রভাব ফেলবেন বলে সাধারণ আইনজীবীরা বলছেন। এতে করে উভয় প্যানেলের ভাগাভাগি জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করছেন বারের সদস্যরা।
এদিকে ঐতিহ্যগতভাবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে কম বেশি উত্তেজনা থাকলেও বর্তমানে তার প্রভাব অনেকাংশেই কমে আসছে। এতে গতানুগিত নির্বাচনের বাইরে সর্বসাধারণের জন্য কোন বার্তা থাকছে না এই নির্বাচনের মধ্যে দিয়ে। অনেক আইনজীবীই বলছেন, মূলত চৌকস ও সর্বজন গ্রহণযোগ্য অনেক আইনজীবী এখন প্রবীণ হয়ে পরায় মূলত নির্বাচন তার জৌলুষ হারাচ্ছে।
চাঁদপুর বারের আইনজীবীরা বলছেন, বর্তমানে আওয়ামী লীগের ব্যনারে আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপির ব্যনারে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ তাদের উভয় প্যানেলেই তেমন প্রভাব বিস্তারকারী সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদে প্রার্থী দিতে অনেকাংশেই ব্যর্থ হচ্ছে। আর এ কারণে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে সর্বমহলে আগ্রহ কমে আসছে।
এদিকে বিচার অঙ্গনে বিচার প্রার্থীরা বলছে, ভিন্ন কথা। তাদের দাবি সমিতি কিংবা সংগঠন যেটাই থাকুক সেখানে ন্যায়বিচার নিশ্চিত ও বিচারের দীর্ঘ সুত্রতা কমিয়ে আনাই মুলত তাদের কাজ। বর্তমান সময়ে বিচার প্রার্থীরা সে রকম দৃশ্যমান চিত্র দেখতে পান না নির্বাচিতদের মাধ্যমে। আর এ কারণেই জেলা পর্যায়ের নিম্ন আদালতে মামলার জট ক্রমশই বাড়ছে। সাথে বিচার প্রার্থীরা অনেকটাই হতাশ হয়ে পরছে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে।
বিচার প্রার্থীরা বলছেন, আইনজীবী সমিতি সামনের দিনগুলোতে বিচার প্রার্থীদের বিচারের সুফল দ্রুত পেতে মামলার কার্যতালিকা প্রকাশ্য স্থানে কিংবা বার ভবনের নির্ধারিত স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা প্রয়োজন। তাহলেই অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতি কমিয়ে আনা অনেকাংশেই সম্ভব হবে। সুফল পাবে বিচার প্রার্থীরা।
আজকের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. শহিদ উল্ল্যাহ কায়সার, সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. এম এ হালিম পাটওয়ারী ও রিটার্নিং কর্মকর্তা অ্যাড. আলম খান মঞ্জু দায়িত্ব পালন করছেন।
আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা হলেন: সভাপতি অ্যাড. মো. আহছান হাবীব, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. মাইনুল আহছান, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. আবু তাহের তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাড. মো. আবদুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মো. গোলাম কাউছার শামীম, সম্পাদক লাইব্রেরী অ্যাড. নিবাস চন্দ্র সরকার, সম্পাদক সমাজকল্যান ও সেমিনার অ্যাড. মো. ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস অ্যাড. মোহাম্মদ নুরুল আমিন খান, জেনারেল অডিটর অ্যাড. রেজাউল করিম, রানিং অডিটর অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন রক্সি, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. সাফায়াত হোসেন তালুকদার, সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. মাসুদ রাণা পাটওয়ারী, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাড. তাসলিমা আক্তার, অ্যাড. মো. শাখাওয়াত হোসেন মজুমদার ও অ্যাড. মো. আবু কাউছার।
সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থীরা হলেন- সভাপতি আলহাজ অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মো. সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি অ্যাড. এ.এন.এম মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. মোহাম্মদ মহসীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল মান্নান মিয়াজী, সম্পাদক ফরম অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, সম্পাদক লাইব্রেরী অ্যাড. মো. শাহজাহান খান, সম্পাদক, সমাজকল্যাণ ও সেমিনার অ্যাড. রেজাউর রহমান (শাওন), জেনারেল অডিটর অ্যাড. শাহদাত সরকার শাওন, রানিং অডিটর অ্যাড. মো. নাদিম হোসেন তালুকদার, চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. আবুল হাসনাত বেপারী, সম্পাদক রেজিস্টারিং অথরিটি অ্যাড. মোহাম্মদ হাসিব, সদস্য রেজিস্টারিং অথরিটি অ্যাড. মো. সুমন মিয়া, অ্যাড. ইমান হোসেন (সুমন) ও অ্যাড. মোহাম্মদ মুসলিম মিয়াজী।
২৩ জানুয়ারি, ২০২২।
