হাজীগঞ্জে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জুট মিলের পুরাতন গোডাউন ভাঙ্গতে গিয়ে দেয়ালের নিচে চাপা পড়ে মো. আবুল কাশেম (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় গ্রামের হাজীগঞ্জ জুট স্পিনিং মিলে (হামিদিয়া জুট মিল) এ ঘটনা ঘটে। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সশিভোশন থানাধীন রসূলপুর-চৌমুহনী গ্রামের রাড়ী বাড়ির কালু রাড়ির ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ থানা হেফজাতে নেয়।
সহকর্মী শ্রমিক রিয়াদ হোসেন ও সাইদুর রহমান জানান, এ দিন সকাল থেকেই তারা ১৪ জন শ্রমিক জুট মিলের পুরাতন গোডাউন ভাঙ্গার কাজ করছিলেন। বিকাল ৫টার দিকে আবুল কাশেম ড্রিল মেশিন দিয়ে দেয়াল কাটার সময় হঠাৎ করে পুরো দেয়ালটি তার দিকে ধসে পড়ে। এতে করে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলের মারা যান আবু কাশেম।
স্থানীয়রা নিহতের বিষয়টি জানতে পরে হাজীগঞ্জ থানা পুলিশ ও সংবাদকর্মীদের খবর দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ ঘটনাস্থল পরির্শন করে নিহতের মরদেহ উদ্ধারপূর্বক থানা হেফাজতে নিয়ে আসে। এর আগে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
এ বিষয়ে শ্রমিকদের সর্দার রেজাউল করিম জানান, তারা গত এক মাস ১৪ দিন যাবৎ একজন কন্ট্রাক্টরের (ঠিকাদার) অধিনে জুট মিলের পুরাতন ভবন ও গোডাউন ভাঙ্গার কাজ করছেন। আজ (শনিবার) বিকালে কাজ করা অবস্থায় দেয়ালের নিচে চাপা পড়ে শ্রমিক আবুল কাশেম মারা যান।
নিহতের চাচাতো ভাই ইকবাল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আবুল কাশেমের স্ত্রী ও এক ছেলে সন্তান রয়েছে। তারা অসহায় ও দরিদ্র পরিবারের লোক। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে অন্য শ্রমিকদের সাথে প্রায় এক/দেড় মাস আগে হাজীগঞ্জে কাজ করতে আসেন।
তিনি বলেন, আজ (শনিবার) বিকালে ভাইয়ের (আবুল কাশেম) মৃত্যুর খবর জানতে পেরেছি। আমরা (পরিবারের লোকজন) হাজীগঞ্জে আসার প্রস্তুতি নিচ্ছি।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং নিহতের পরিবাররের লোকজনকে খবর দেয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

২৩ জানুয়ারি, ২০২২।